চান্দিনা মহিলা ডিগ্রি কলেজে ভাঙচুর : আহত ১৫
কুমিল্লার চান্দিনা মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে কলেজে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বিক্ষোভকারী ছাত্রীরা। এ সময় অন্তত ১৫ বিক্ষোভকারী আহত হয়েছে।
শনিবার দুপুরের দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। কলেজ ও হোস্টেল বন্ধ থাকলেও সকাল থেকে কয়েক শ’ ছাত্রী কলেজ চত্বরে সমবেত হয়। এক পর্যায়ে তারা কলেজের দরজা ও জানালার কাঁচ ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আন্দোলনকারী ছাত্রীরা কলেজের শোভাবর্ধক আসবাবপত্র, উপাধ্যক্ষের নেমপ্লেট ভেঙ্গে ফেলে। এ সময় কলেজের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। ভাঙচুরের সময় মনিরা, শারমিন, নাওমী, শামীমা, বিউটি, সুলতানা, রাবেয়াসহ অন্তত ১৫ জন বিক্ষোভকারী আহত হয়। পরে তাদের চিকিৎসা দেয়া হয়।20160723213448.jpg)
বিক্ষোভকারী জানায়, গত ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ১৯৯টি বেসরকারি কলেজ সরকারিকরণের জন্য চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকার ৫৫ নম্বরে ছিল চান্দিনা মহিলা ডিগ্রি কলেজের নাম। কিন্তু পরবর্তীতে এ কলেজের নাম তালিকা থেকে বাদ দিয়ে চান্দিনা উপজেলা সদর থেকে প্রায় ২০ কি: মি: দূরে অবস্থিত দোল্লাই নবাবপুর ডিগ্রি কলেজের নাম সরকারিকরণের তালিকায় যুক্ত করা হয়। এ খবর কলেজের ছাত্রীদের মাঝে ছড়িয়ে পড়লে গত ১৮ জুলাই থেকে মহিলা কলেজটি সরকারিকরণের সিদ্ধান্ত বহাল রাখার দাবিতে বিক্ষোভ করে আসছে ছাত্রীরা।
আন্দোলনকারীরা জানায়, কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পর্ষদ সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ এমপির সঙ্গে কলেজ সরকারিকরণের বিষয়ে তারা কথা বলতে চান, কিন্তু তিনি বর্তমানে এলাকায় থাকলেও আমাদের কথা শুনতে আসেননি।
এ ব্যাপারে জানতে কলেজ অধ্যক্ষ মামুন পারভেজের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মো. কামাল উদ্দিন/এএম/আরআইপি