বুড়িচংয়ে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়া
কুমিল্লার বুড়িচং উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উপজেলা সদরের সকল দোকান-পাট বন্ধ হয়ে যায়। সোমবার বিকেলে বুড়িচং উপজেলা সদরে এই ঘটনা ঘটে।
জানা যায়, রোববার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে জালাল উদ্দিনকে সভাপতি ও বাছির খানকে সাধারণ সম্পাদক করে এক বছরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
সোমবার এ খবর জানাজানি হলে কমিটি বাতিলের দাবিতে দুপুরের দিকে উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন ও সাবেক যুগ্ম-সম্পাদক শরীফ হোসেনের গ্রুপ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে।
এদিকে, বিকেল ৫টার দিকে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে জালাল-বাছিরের সমর্থকরা উপজেলা সদরে একটি আনন্দ মিছিল বের করে। এসময় বিল্লাল-শরীফ গ্রুপের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় বুড়িচং-ব্রাহ্মণপাড়া-মীরপুর সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে নব নির্বাচিত সভাপতি জালাল উদ্দিন জানান, দলের গঠনতন্ত্র মোতাবেক দলের ত্যাগী নেতাদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আর এ নিয়ে কারো ক্ষোভ থাকার কথা নয়।
অপরদিকে, ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন জানান, এ কমিটি একটি কালো কমিটি, তাই তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের বৈধতা নেই।
কামাল উদ্দিন/এআরএ/এবিএস