ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে নিহত ১

প্রকাশিত: ০৬:১৫ এএম, ২৭ জুলাই ২০১৬

কুমিল্লায় কাভার্ডভ্যান উল্টে সাইফুল ইসলাম শান্ত নামে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ৭ জন। বুধবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শহীদপুরে এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল যাত্রীবাহী বাসের হেলপার ও ঢাকার সাভারের কাতলাপুর এলাকার আবদুস সাত্তারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে উঠে যায়। এ সময় পেছন থেকে চাঁদনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের পাশে থাকা হেলপার সাইফুল ইসলাম শান্ত (৩৪) ঘটনাস্থলে নিহত হন। এ সময় ওই বাসের ৬/৭ জন যাত্রী আহত হয়েছে।

হাইওয়ে পুলিশের মিয়াবাজার ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার জানান, আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও বাস হাইওয়ে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কামাল উদ্দিন/এসএস/এমএস