ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় অস্ত্রসহ ২ সন্ত্রাসী আটক

প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৭ জুলাই ২০১৬

কুমিল্লায় দুইটি এলজি ও দেশীয় তৈরি অস্ত্রসহ আবদুর রহমান রানা ও আবদুল কাদের নামে দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। বুধবার সকালে জেলার চৌদ্দগ্রাম উপজেলার উত্তর শরপটি গ্রাম থেকে তাদের আটক করা হয়।    

জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল বুধবার সকাল ৬টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার উত্তর শরপটি গ্রামে অভিযান চালায়। এ সময় র‌্যাব ওই গ্রামের মাহবুব আলমের ছেলে আবদুর রহমান রানার (৩০) ঘর থেকে তাকেসহ একই উপজেলার বেরলা উত্তরপাড়া গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে আবদুল কাদেরকে (৫৮) আটক করে।

কুমিল্লাস্থ র‌্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, ওই ঘরে তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় তৈরি এলজি, দুইটি রাম দা, একটি চাপাতি, একটি চাকু, ৪৫টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে। তারা এলাকার চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী এবং অস্ত্র ব্যবসা, চাঁদাবাজী, টেন্ডারবাজী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/পিআর