ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

টেকনাফকে ইয়াবামুক্ত করতে সহযোগিতা চান এমপি বদি

প্রকাশিত: ০৮:২৪ পিএম, ২৮ জুলাই ২০১৬

কক্সবাজারের টেকনাফকে ইয়াবামুক্ত করতে সকলের সহযোগিতা চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি। বর্তমানে সারাদেশে জঙ্গিবিরোধী কঠোর অবস্থান চললেও টেকনাফে অচিরেই শুরু হবে ইয়াবাবিরোধী অভিযান।

এ অভিযানে স্থানীয় বাসিন্দাসহ সংবাদকর্মীদের সার্বিক সহযোগিতাও কামনা করেন তিনি। তবে প্রতিটি ওয়ার্ডে জঙ্গি সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটি করা হচ্ছে বলে জানানো হয়।

ইয়াবা ব্যবসার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই দাবি করে বলেন, যারা এসব কুৎসা রটাচ্ছে তাদের কাছে তথ্য থাকলে প্রমাণ করুক। জনগণের ভালোবাসা ও উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রীমহল তার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত বলে দাবি তার।

বৃহস্পতিবার দুপুরে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. শফিউল আলমের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা, চোরাচালান ও জঙ্গি সন্ত্রাস-নাশকতা বন্ধে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বদি এসব কথা বলেন।

বদি আরও বলেন, টেকনাফে পুলিশের কিছু কর্মকর্তা ইয়াবা ব্যবসায়ীদের ধরে এনে আঁতাত করে ঘুষবাণিজ্য চালিয়ে যাচ্ছেন। ওইসব পুলিশের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদকে নির্দেশ দেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, টেকনাফ মডেল থানার ওসি আবদুল মজিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিক উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মৌ. নূর আহমেদ আনোয়ারী, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচ কে আনোয়ার, বাহারছড়া ইউপি চেয়ারম্যান আজিজ উদ্দিন, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাজান মিয়াসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা, কমিটির সদস্য ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/বিএ