বেনাপোলে বিজিবির ডগ স্কোয়াড
জঙ্গি সন্ত্রাস, অস্ত্র ও মাদক দ্রব্য প্রতিরোধে যশোরের বেনাপোল সীমান্তে নব সংযোজিত প্রশিক্ষিত কুকুর ব্যবহার করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
যশোর ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নে মাদক প্রতিরোধ এবং মাদক উদ্ধারের নব সংযোজিত প্রশিক্ষিত কুকুরের পারদর্শীতা নিয়ে একটি মহড়া বৃহস্পতিবার বিকেলে বেনাপোল বিজিবি সদর ক্যাম্পে স্থানীয় সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। 
যশোর-২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেনের উপস্থিতিতে বিজিবি সদস্যরা কুকুর নিয়ে এই মহড়া দেয়। প্রথমে ১০টি মোটরসাইকেল রেখে তার মধ্যে একটি মোটরসাইকেলে বিস্ফোরক দ্রব্য রেখে কুকুর দুইটিকে ছেড়ে দেয়া হয়।
কুকুর দুইটি মোটরসাইকেলের মধ্যে লোকানো জায়গা থেকে বিস্ফোরক দ্রব্য বের করে আনে। এরপর একই কায়দায় কয়েক বোতল ফেনসিডিল বিজিবি সদস্যদের পকেট থেকে বের করে আনে। তারপর গাড়ির মধ্য থেকে সিটের নিচে লুকানো গাঁজার একটি পোটলা বের করে নিচে নামিয়ে রাখে।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভারত থেকে ট্রেনিংপ্রাপ্ত কুকুর এনে দেশেও প্রায় ৬ মাস প্রশিক্ষণ শেষে তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। 
সীমান্তে জঙ্গি, মাদক, অস্ত্র, সন্ত্রাস এবং বিস্ফোরক দ্রব্য যাতে এপার ওপার না হতে পারে তার জন্য এখন থেকে বিজিবির পাশাপাশি ডগ স্কোয়াড বাহিনী কাজ করবে। এতে সীমান্ত এলাকা দিয়ে সন্ত্রাসী এবং মাদক চোরাচালান রোধ সম্ভব হবে বলে দাবি করেন তিনি।
জামাল হোসেন/এআরএ/এমএস