ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যানকে কারাগারে প্রেরণ

জেলা প্রতিনিধি | প্রকাশিত: ১১:৫৪ এএম, ৩১ জুলাই ২০১৬

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরীকে কারাগারে প্রেরণ করেছে আদালত। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে করা এক মামলায় ওয়ারেন্ট ইস্যুর পর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।

রোববার দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এ আদেশ দেন।

জানা যায়, কুতুবদিয়া উপজেলায় ২০১৪ সালের শেষের দিকে বিএনপির এক প্রতিবাদ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের হত্যার হুমকি দেয়ার অভিযোগে মামলা দায়ের করেন উপজেলা আওয়ামী লীগ নেতা মনোয়ার হোসেন মুকুল।

দীর্ঘ তদন্ত শেষে মামলাটি এসটি ২৮৪/১৫ হিসেবে চলমান। চলতি মাসে মামলাটির চার্জ গঠন করা হয়। ওই দিন আদালতে উপস্থিত না থাকায় নুরুল বশর চৌধুরীসহ অনুপস্থিতদের জন্য ওয়ারেন্ট ইস্যু করে কুতুবদিয়া ম্যাজিস্ট্রেট আদালত। এ মামলায় জামিন চাইতে জেলা জজের আদালত যান নুরুল বশর। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।

জেলা জজ আদালতের পিপি মমতাজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, নুরুল বশরের গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন জেলা বিএনপি সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাড. শামীম আরা স্বপ্না। এসময় তারা মামলাটি মিথ্যা বলেও দাবি করেন।

সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি