উদ্যোক্তা মিজান হত্যার মূলহোতা চট্টগ্রাম থেকে গ্রেফতার
কক্সবাজার সদরের ঈদগায় নির্মম হত্যার শিকার ইসলামাবাদের মিজানুর রহমান হত্যার মূল আসামি হামিদ উল্লাহকে গ্রেফতার করেছে চট্টগ্রামের চান্দগাঁও থানা পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে চট্টগ্রাম সিএমপি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নিহত মিজানুর নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়ন পরিষদের তথ্য সেবা উদ্যোক্তা ছিলেন। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আটক হামিদ তার ছোট বোনের জামাই।
চান্দগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছৈয়দ মোহাম্মদ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে একদল পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম সিএমপি মোড় থেকে তাকে গ্রেফতার করে। সকালে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সদর থানার অপারেশন অফিসার এসআই আবদুর রহিম জানান, তাকে নিয়ে বুধবার দুপুরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে ঈদগা তদন্ত কেন্দ্রের একদল পুলিশ।
উল্লেখ্য, গত ২২ জুলাই রাত ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগা চান্দেরঘোনা ও কালিরছড়ার মাঝামাঝি জনশূন্য এলাকার ঝিরি থেকে মিজানের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের পুলিশ। এ ঘটনায় মিজানের বাবা মোহাম্মদ হোসেন বাদী হয়ে মেয়ের জামাই কক্সবাজার লিং রোডের মুহুরি পাড়ার তাজুল ইসলামের ছেলে হামিদ উল্লাহকে প্রধান আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। পলাতক থাকার ১০ দিনের মাথায় চান্দগাঁও থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর