পুলিশের গুলিতে দুই শিবির নেতা আহত
যশোরের চৌগাছা উপজেলার দুই ছাত্রশিবির নেতা পুলিশের গুলিতে আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে তল্লাশি চেকপোস্টে পুলিশের উপর হামলা করে পালিয়ে যাওয়ার সময় তারা গুলিবিদ্ধ হন।
আহতরা হলেন- চৌগাছা উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারি উপজেলার স্বরূপদহ ইউনিয়নের চুটারহুদা গ্রামের আব্দুর রহমানের ছেলে ইসরাফিল হোসেন (২০) এবং উপজেলা শাখার সাহিত্য সম্পাদক নারায়ণপুর গ্রামের ইমদাদুল হকের ছেলে রুহুল আমিন (১৯)।
তবে এই দুই ছাত্রশিবির নেতার পরিবারের সদস্যরা দাবি করেছেন, বুধবার রাতে পুলিশ এই দুইজনকে ধরে নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে পরিবার দুটির সদস্যরা চৌগাছা থানার হাজতখানায় গিয়ে ইসরাফিল ও রুহুলকে দেখতে পান। পরে বৃহস্পতিবার রাতে রুহুল ও ইসরাফিল গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশই দুই পরিবারকে খবর দেয়।
চৌগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান জানান, ‘বৃহস্পতিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চৌগাছা মহেশপুর সড়কের বুন্দলিতলায় টহল পুলিশ অবস্থান করছিল। এ সময় ওই রাস্তা দিয়ে দুটি মোটরসাইকেল যেতে দেখে পুলিশ তাদের গতিরোধের সিগনাল দেয়। কিন্তু মোটরসাইকেল আরোহীরা পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে।
এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সিরাজুল ইসলাম ও কনস্টেবল জহিরুল হক আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ৫-৭ রাউন্ড গুলি ছোড়ে। গুলিতে দুই তরুণ আহত হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে রাত ১২টার দিকে তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়।
ওসি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি বোমা, একটি রামদা, শিবিরের চাঁদা আদায়ের রশিদ এবং ‘জিহাদি’ বই উদ্ধার করা হয়েছে।
মিলন রহমান/এফএ/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রবিউল
- ২ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে সম্পদ ও ঋণের তথ্য গোপনের অভিযোগ
- ৩ রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রিত্ব পাবেন: হুমায়ুন কবির
- ৪ নির্বাচনে হুমকি এড়াতে তৎপরতা: উখিয়ার ভাড়াবাসা থেকে ৬২২ রোহিঙ্গা আটক
- ৫ পঞ্চগড়-১ আসনে লড়াই হবে ধানের শীষ-শাপলা কলির প্রার্থীর