ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হোশি কুনিও হত্যা : ৪ জেএমবি সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ১১:০৭ এএম, ০৭ আগস্ট ২০১৬

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলায় রংপুর মহানগর বিএনপি নেতা রাশেদ উন নবী খান বিপ্লবসহ গ্রেফতার পাঁচজনকে অব্যাহতি দিয়ে ৮ জেএমবি সদস্যের মধ্যে পলাতক চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার দুপুরে রংপুরের কাউনিয়া আমলি আদালতের বিচারক আরিফুর রহমান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। প্রায় ৯ মাস তদন্ত শেষে গত ১০ জুলাই আদালতে চার্জশিট দাখিল করা হয়।

হত্যাকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত জেএমবির আট সদস্য জড়িত বলে চার্জশিটে উল্লে­খ করেছেন তদন্তকারী কর্মকর্তা। তবে এ মামলায় গ্রেফতারকৃত ও কারাগারে আটক রংপুর মহানগর বিএনপির সদস্য রাশেদুন্নবী খান বিপ্লব, হোশি কুনিওর সহযোগী হুমায়ুন কবীর হীরাসহ পাঁচজন জড়িত নয় এবং তাদের অব্যাহতি দেয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা আবেদন করলে আদালত আজ তা মঞ্জুর করেন।

চার্জশিটে জেএমবি সদস্য মাসুদ রানা, ইসাহাক আলী, আবু সাইদ ও লিটন মিয়াকে গ্রেফতার এবং জেএমবি সদস্য  নজরুল ইসলাম, সাদ্দাম হোসেন, শাখাওয়াত হোসেন ও আহসান উল্লাহ আনসারীকে পলাতক দেখানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুরের কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী চার্জশিট গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ অক্টোবর সকাল ১০টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে দুর্বৃত্তরা গুলি করে জাপানি নাগরিক হোসি কুনিওকে হত্যা করে।

জিতু কবীর/এফএ/এবিএস

আরও পড়ুন