ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

অর্থ আত্মসাতের অভিযোগে দুই হিসাবরক্ষণ কর্মকর্তা গ্রেফতার

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০১:১৭ পিএম, ০৮ আগস্ট ২০১৬

কুমিল্লায় পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি-কর্মকর্তাদের হিসাব থেকে প্রতারণার মাধ্যমে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশনকে (দুদক)।

দুদকের কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের তদন্ত দল সোমবার দুপুরে জেলার পৃথক দুইটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে চাকরিরত অবস্থায় জেলা হিসাবরক্ষণ কার্যালয় ও সোনালী ব্যাংকের একদল অসাধু কর্মকর্তা মিলে সরকারি পেনশন ভোগীদের হিসাব থেকে ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাত করে চক্রের সদস্যরা।

পরে এ নিয়ে ২০১৫ সালের ১২ অক্টোবর দুদকের কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় সোনালী ব্যংকের কর্মকর্তাসহ ২২ জনকে আসামি করা হয়। এ মামলায় অভিযুক্ত আসামি বর্তমান কুমিল্লার বুড়িচং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোখলেছুর রহমানকে সোমবার বুড়িচং সদর থেকে গ্রেফতার করা হয়।

তিনি নোয়াখালীর চাটখিল উপজেলার সাতবাড়ীয়া গ্রামের মৃত আবুল বশরের ছেলে। একই মামলায় অভিযুক্ত জেলার সদর দক্ষিণ উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা বিল্লাল হোসেনকেও পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। তিনি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রাজাপুরা গ্রামের এরশাদ হোসেন পাটোয়ারীর ছেলে।

কুমিল্লাস্থ দুদক সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত দুইজনকে দুদকের সমন্বিত কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।

কামাল উদ্দিন/এআরএ/পিআর