কুমিল্লা পিটিআইয়ের সেই সুপারিনটেনডেন্ট প্রত্যাহার
যৌন হয়রানির অভিযোগে কুমিল্লা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট রাইহুল করিমকে প্রত্যাহার করা হয়েছে। ইনস্টিটিউটের প্রশিক্ষণার্থী এবং জেলার প্রাথমিক শিক্ষক ও শিক্ষক নেতাদের আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে তাকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে রাইহুল করিমকে প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
সন্ধ্যায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল।
প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (প্রশা-১) রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘অভিযুক্ত কর্মকর্তা রাইহুল করিম বুধবার সংযুক্তিকৃত কর্মস্থল মন্ত্রণালয়ে যোগদান করবেন, অন্যথায় বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিকভাবে অবমুক্তি হয়েছে মর্মে গণ্য করা হইবে।’
কামাল উদ্দিন/এআরএ/এবিএস