ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাজাকারদের সন্তান নিয়ে বিএনপির নতুন কমিটি

প্রকাশিত: ১২:৩৪ পিএম, ১১ আগস্ট ২০১৬

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যারা এদেশের স্বাধীনতার শত্রু, মা-বোনদের নির্যাতন করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, বুদ্ধিজীবীদের হত্যা করে দেশের স্বাধীনতা চিরতরে বন্ধ করতে চেয়েছিল, যাদের বিচার এই বাংলার মাটিতে হয়েছে, সেই রাজাকার আল-বদর বাহিনীর সন্তানদের নিয়ে গঠিত হয়েছে বিএনপির নতুন কমিটি।

বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, রাজাকারদের উত্তরাধীকারীদের নিয়ে বিএনপির নতুন কমিটি প্রমাণ করে তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাসী না, তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের চেতনার না, এদেশের মানুষ শান্তিতে থাকুক, এ দেশের উন্নতি হোক তারা এটা চায় না।

প্রতিমন্ত্রী আরো বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে। খুনিরা চার বছরের শিশু রাসেলকে বাঁচতে দেয়নি। এই হত্যা কখনো জায়েজ হতে পারে না। কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান ও তার দল ক্ষমতায় এসে সেই খুনিদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে। এই কালো আইন পরিষ্কার বুঝিয়ে দিয়েছে বঙ্গবন্ধুকে হত্যা করে কারা এদেশে সুবিধা ভোগ করেছে, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে, নিজেদের আখের গুছিয়েছে, দুর্নীতি ও সন্ত্রাস করেছে, এদেশে বাংলাভাইদের উত্থান ঘটিয়েছে, এদেশে সাম্প্রসায়িকতার বীজ বপন করেছে। কারা এদেশের মানুষের শান্তি বিনষ্ট করে দেশের উন্নয়নের ধারাকে বন্ধ করার জন্য নতুন করে জঙ্গিবাদের মদদ দিচ্ছে।

গাজীপুর জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সবুর, জেলা আনসার ভিডিপি কমান্ডার ড. মো. সাইফুর রহমান (পিএএফ), উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ প্রমুখ।   

আব্দুর রহমান আরমান/এআরএ/পিআর