ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে আত্মসমর্পণ করা তিন জঙ্গি কারাগারে

প্রকাশিত: ০১:৪০ পিএম, ১২ আগস্ট ২০১৬

যশোর জেলা পুলিশের কাছে আত্মসমর্পণ করা নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর বাংলাদেশের তিন সদস্যকে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সেই সঙ্গে তাদের সহযোগী হিসেবে আরো চারজনের নামে মামলা দিয়েছে পুলিশ।

শুক্রবার দুপুরে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার বিকালে হিজবুত তাহরীর বাংলাদেশের তিন নেতা যশোর পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন।
 
তারা হলেন, যশোর শহরতলীর খোলাডাঙ্গা কদমতলা এলাকার মৃত শফিয়ার রহমানের ছেলে সাদ্দাম ইয়াসির সজল, শহরতলীর ধর্মতলা মোড় এলাকার আবদুস সালামের ছেলে রায়হান আহমেদ ও শহরতলীর কদমতলা এলাকার একেএম শারাফত মিয়ার ছেলে মেহেদী হাসান পাশা।

এদের সঙ্গে সহযোগী হিসেবে আরো চারজনকে আসামি করা হয়েছে।

তারা হলেন, ঢাকার উত্তরা এলাকার মুসাব্বির, ঢাকার দক্ষিণখানের হারেজ আলী, যশোর শহরতলীর পুলেরহাটের মহিউদ্দিন, শহরতলীর আরবপুরের ফকরুল আলম তুষার।

মামলার বাদী ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, আত্মসমর্পণ করা তিনজন ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বৃহস্পতিবার বিকালে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিন জঙ্গি সদস্যের আত্মসমর্পণের ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান। এ সময় যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এএম/এমএস