ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সন্ত্রাসী নাডা শাহীন গ্রেফতার

প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১৩ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকার হত্যাসহ একাধিক মামলার আসামি দুর্ধর্ষ সন্ত্রাসী শাহীন ওরফে নাডা শাহীনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে নারায়ণগঞ্জ জেলা পরিষদ সংলগ্ন এলাকা হতে ফতুল্লা মডেল থানা পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শাহীনের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা মিঠু হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া শাহীনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বেশ কিছু অভিযোগ রয়েছে।

প্রসঙ্গত, শাহীন ফতুল্লার গাবতলী সোসাইটির সেক্রেটারি। তিনি সংসদ সদস্য শামীম ওসমানের নাম ভাঙিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন। এমনকি তিনি সরকারি দলের ক্ষমতার দাপটে ফতুল্লার টাগারপাড় এলাকার পোশাক কারখানা ঝুট সেক্টর এককভাবে নিয়ন্ত্রণ করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। এছাড়া তিনি সম্প্রতি গাবতলী এলাকার মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বাদল (৬০) নামক এক বৃদ্ধাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে কান ধরে উঠবস করান।

শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি