কুমিল্লায় আ.লীগ কর্মী খুনের ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লায় জামাল হোসেন ও গিয়াস উদ্দিন নামের দুই আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় ২২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দিনগত রাত পৌনে ১০টার দিকে নিহত গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। সদর দক্ষিণ মডেল থানার ওসি নজরুল ইসলাম মামলার তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী গ্রামের আতর আলীর ছেলে ফরিদ উদ্দিন ও তার ভাই সৌদি আরব প্রবাসী তোফায়েল আহমেদ ওরফে তোতার সাথে তাদের বাড়ির উপর দিয়ে স্থানীয় লোকজনের হাঁটা-চলা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিগত সময়ে গ্রাম্য শালিস ও মামলা-মোকদ্দমা হয়।
গত শুক্রবার রাত ৯টার দিকে ধনাইতরী গ্রামের জামতলায় ভাই ভাই স্টোর নামে একটি দোকানে গিয়াস উদ্দিন ও জামাল উদ্দিনকে পেয়ে প্রতিপক্ষ ফরিদ ও তোতার লোকজন তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে গিয়াস উদ্দিন এবং কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জামাল উদ্দিন মারা যান।
ওসি নজরুল ইসলাম জানান, ‘হত্যার ব্যাপারে শনিবার রাতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।’
মো. কামাল উদ্দিন/আরএস