ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে ছিনতাইয়ের কবলে পাসপোর্টযাত্রী : আটক ২

প্রকাশিত: ১১:৫৫ এএম, ১৪ আগস্ট ২০১৬

যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে আসা দুই পাসপোর্টযাত্রীর কাছ থেকে সাড়ে আট হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় ওই যাত্রীরা পুলিশের কাছে লিখিতভাবে অভিযোগ দিলে ছিনতাইকারীদের আটক করা হয়। রোববার দুপুরে তাদের যশোর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আরিফুল ইসলাম (২২) ও সালাম মিস্ত্রির ছেলে সুজন হোসেন (২৫)।

বেনাপোল পোর্টথানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, ভারতে চিকিৎসা শেষে পাসপোর্ট নিয়ে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে আসেন ফরিদপুর সদর এলাকার জুলহাস মোল্লা ও তার স্ত্রী শেফা খাতুন।

পরে পাসপোর্টের কাজ শেষে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে তারা বেনাপোল বাজারের দিকে আসছিলেন। এ সময় চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনালের সামনে পৌঁছালে দুই যুবক ইজিবাইক থামিয়ে ভয়ভীতি দেখিয়ে যাত্রীর ব্যাগ থেকে সাড়ে আট হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে ওই যাত্রীরা ছিনতাইকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করে পুলিশের কাছে লিখিত অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে রাতেই তাদের আটক করে।

আটক ছিনতাইকারীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান এসআই মফিজুর রহমান।

মো. জামাল হোসেন/এএম/পিআর