মুঠোফোন ব্যবহারে বাধা দেয়ায় শিক্ষকের উপর হামলা
প্রতীকী ছবি
গোপালগঞ্জে শ্রেণিকক্ষে মুঠোফোন ব্যবহারে বাধা দেওয়ায় প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকের ওপর হামলা করেছে এক ছাত্র ও তার সহযোগীরা। এতে প্রধান শিক্ষকসহ ওই স্কুলের ১০ শিক্ষক আহত হয়েছেন।
মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সদর উপজেলার উলপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস (৫৩) ও সহকারী শিক্ষক বনানী রায়কে (৩৫) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, উলপুর পিসি উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়। গত ১৪ আগস্ট এ নিষেধাজ্ঞা অমান্য করে ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জামিল মীনা ওরফে জনি মুঠোফোন নিয়ে ক্লাসে যায়।
প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস ক্লাস পরিদর্শনকালে ওই শিক্ষার্থীর কাছে মুঠোফোন দেখতে পান। পরে সেটা তিনি তার কাছ থেকে উদ্ধার করে শ্রেণি শিক্ষকের হেফাজতে রাখেন এবং বিদ্যালয় ছুটির পর ওই শিক্ষার্থীকে মুঠোফোনটি ফিরিয়ে দেয়ার কথা বলে যান।
বিদ্যালয় ছুটির পর শ্রেণি শিক্ষক শমশের আলী মোল্লা ওই শিক্ষার্থীকে মুঠোফোনটি ফিরিয়ে দেন। কিন্তু এতেই ওই ছাত্র প্রধান শিক্ষকের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ সময় প্রধান শিক্ষক শাসন করলে জনি তাকে দেখে নেয়ার হুমকি দেয়। এরই জের ধরে পরদিন ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের জন্য বিদ্যালয়ে আসার পথে প্রধান শিক্ষককে বাধা দেয়।
এদিকে মঙ্গলবার সকালে লাঠিসোটা ও রড নিয়ে উলপুর বাসস্ট্যান্ড এলাকায় জনির নেতৃত্বে ১০-১৫ জনের একটি দল শিক্ষকদের ওপর হামলা চালায়। শিক্ষার্থী জামিল মীনা জনি সদর উপজেলার উলপুর গ্রামের হোসেন মীনার ছেলে।
এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন চন্দ্র পালের নেতৃত্বে শিক্ষক পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের নিরাপত্তা ও ওই শিক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ ঘটনায় গোপালগঞ্জ থানায় প্রধান শিক্ষক সন্তোষ কুমার বিশ্বাস বাদী হয়ে ওই ছাত্রসহ ১০ জনের বিরুদ্ধে গোপালগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
গোপালগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা অভিযোগের বিষয়টি স্বীকার করে বলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
হুমায়ূন কবীর/এসএস/এবিএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ছিনতাইকারীর ধাক্কায় ছিটকে পড়লেন অটোরিকশার চালক, গাড়িচাপায় গেল প্রাণ
- ২ যশোরে ভেজাল মবিল তৈরি, কারখানা মালিকের লাখ টাকা জরিমানা
- ৩ মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করে প্রাণ গেলো বাবার
- ৪ সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
- ৫ সৌদি আরবে মিসাইল হামলায় যুবক নিহত, কিশোরগঞ্জের বাড়িতে শোকের মাতম