অসামাজিক কার্যকলাপের দায়ে দুই হোটেলকে জরিমানা
গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও অসামাজিক কার্যকলাপের দায়ে দুইটি হোটেল ও রেস্টুরেন্টকে এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক হোটেল ম্যানেজারকে কারাদণ্ড দেয়া হয়।
মঙ্গলবার দুপুরে প্রথমে টঙ্গীর স্টেশন রোডের আজাদ রেস্টুরেন্টে এবং পরে আজাদ গেস্ট হাউজে অভিযান চালানো হয়। এ সময় হোটেলকে জরিমানার পাশাপাশি ম্যানেজারকে দণ্ড দেয়া হয়।
র্যাব-১ সূত্র জানায়, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং বাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট অধ্যাদেশ, ১৯৮২ অনুসারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতসহ অনিয়মের অপরাধে একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ এ দণ্ডাদেশ দেন।
র্যাব-১ আরো জানায়, পরে একই মালিকানাধীন আজাদ গেস্ট হাউজে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করায় ম্যানেজার মাসুদ খানকে ৫০ হাজার, অসামাজিক কার্যকলাপের দায়ে আরো ১০ হাজার টাকা জরিমানা ও তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড, কর্মচারী নোয়াখালীর হাবিবকে ৩০ হাজার ও টাঙ্গাইলের এক যৌনকর্মীকে ১০ হাজার টাকাসহ মোট এক লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে র্যাবের-১ ডিএডি মো. শাহজাহান মৃধা উপস্থিত ছিলেন।
মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস