ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফতুল্লায় সৈনিক লীগ নেতা হত্যা মামলার বিচার শুরু

প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৬ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা মোখলেছুর রহমান হত্যা মামলায় অভিযুক্ত ১০ সন্ত্রাসীর বিচার কাজ শুরু করেছেন আদালত। হত্যাকাণ্ডে সরাসরি অভিযুক্তরা জড়িত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার নারায়ণগঞ্জের ২নং অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহারের আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। আগামী ২৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

সৈনিক লীগ নেতা মোখলেছুর হত্যা মামলায় অভিযুক্তরা হলো- সন্ত্রাসী বড় মিজান, গাফফার, জামান, জসিম, মন্টু মিয়া, তুহিন, জুয়েল প্রধান, হাসেম, দেলোয়ার ও অগা মাসুদ। তাদের বিরুদ্ধে সরাসরি হত্যার অভিযোগ আনা হয়েছে।

আদালতে চার্জ গঠনের সময় বাদীপক্ষে আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. সাখাওয়াত হোসেন খান, অ্যাড. আব্দুল বারী ভূঁইয়া ও অ্যাড. সোলেমান মিয়া।

অ্যাড. সাখাওয়াত হোসেন খান জানান, আদালত সকল আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন। আগামী ২৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, গত বছরের ৮ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক শামীম হাসান ১৩ জনকে সাক্ষী দেখিয়ে ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে তিনজন আসামিকে পলাতক দেখানো হয়েছে। তারা হলো- ফতুল্লা থানাধীন ১৫৭ কলেজ রোড গলাচিপা এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মাসুদ ওরফে অগা মাসুদ, পশ্চিম মাসদাইর এলাকার মৃত মোহাম্মদ আলী খন্দকারের ছেলে হাসেম আলী খন্দকার ও পশ্চিম মাসদাইর পাকাপুল এলাকার মৃত জহিরুল ইসলাম মেম্বার ওরফে জজ মিয়ার ছেলে জামান। আদালত প্রথমে তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে তাদের অস্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৯ জানুয়ারি ফতুল্লার মাসদাইরে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বঙ্গবন্ধু সৈনিক লীগ নেতা মোখলেছুর রহমানকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় নিহতের স্ত্রী ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত শেখ মোহাম্মদ মোখলেছুর রহমান মাসদাইর এলাকার মনসুর মহাজনের ছেলে। এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ছিলেন।

শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি