না.গঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে ৪ জনের মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার রাস্তার পাশে খাদে পড়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নরসিংদীর মাধবদি এলাকার মোমেন মোল্লার ছেলে আতিকুর রহমান পাভেল, একই এলাকার আবদুল বাতেনের ছেলে তুষার, রশিদ মেম্বারের ছেলে লিমন এবং মাসুম মিয়ার ছেলে অভি। তারা চারজনই ওই এলাকায় কাপড়ের ব্যবসা করতেন।
ঘটনাস্থলে থাকা আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল সালাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে নরসিংদী থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-ঘ-১৫ ১৮৩৪) করে চারজন ঢাকা যাচ্ছিল। পথিমধ্যে আড়াইহাজারের পুরিন্দায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়।
তুষারের সঙ্গে থাকা আতিকুর রহমান পাভেল, লিমন, অভিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার এ্যাপোলো হাসপাতালে নেয়া হয়।
এদিকে, ঢাকার এ্যাপোলো হাসপাতাল থেকে নিহত পাভেলের বড় ভাই ইয়াসিন জাগো নিউজকে পাভেল, লিমন, অভির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আড়াইহাজার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিউল আজম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, পুরিন্দা এলাকায় এক শিশু রাস্তা পার হচ্ছিলেন সে সময় তাকে সাইড দিতে দিয়ে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।এতে প্রাইভেটকারটি ঘটনাস্থলে এক এবং হাসপাতালে নেয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়েছে।
শাহাদাত হোসেন/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চুয়াডাঙ্গায় ইউপি সদস্যের বাড়ি থেকে ১ হাজার লিটার ডিজেল জব্দ
- ২ ঝুটের ব্যবসা নিয়ে বিএনপির দুই পক্ষের গোলাগুলি, গ্রেফতার ৩
- ৩ ঝিনাইদহে নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা
- ৪ বিষ দিয়ে শ্বশুরের গরু-ছাগল-মাছ মেরে ফেলার অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে
- ৫ বাড়ির পাশে খেলছিল শিশু, পুুকুরে পড়ে মৃত্যু