ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আন্তর্জাতিক প্রতারক চক্রের ৪ সদস্যসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ০৩:০২ পিএম, ১৮ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের ৪ সদস্যসহ ৫ জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় উদ্ধার করা হয়েছে প্রচুর পরিমাণ ভুয়া ডলার তৈরির কাগজপত্রসহ অন্যান্য সামগ্রী।

গ্রেফতারকৃতরা হলো, নাইজেরিয়ান নাগরিক ডেনিস ও কুদিরী ওরফে শেফ (৪০), অগাষ্টিন ম্যাথিউ (৩৬), মারফনি ননসো ওজোমিয়া (৪১), ক্যামেরুনের নাগরিক ইফফা মিচিলিন ওরফে জারা (৩৫) এবং বাংলাদেশের আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপন (৪২)।

বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে র্যাব-১১ এর আদমজীস্থ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।  
 
সংবাদ সম্মেলনে জানান, এসজিটি এলেন হ্যারিং (SGT. ELLEN HARING) নামের একজন আমেরিকান (তার ভাষ্য মতে) নাগরিক তার স্বামীর গুচ্ছিত সম্পদ কোনো দাতব্য প্রতিষ্ঠানে অথবা অনাথ, বিধবা ও গৃহহীনদের দান করার ইচ্ছা প্রকাশ করেন।

বাংলাদেশের নাগরিক ইয়ামিন খানের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম জোরপিয়া ডটকমের মাধ্যমে তার পরিচয় হয়। গত ৩০ জুলাই ব্রিটিশ ক্রাউন কোর্টের মাধ্যমে ওই সম্পদ ইয়ামিন খানকে পরবর্তী দাবিদার বা উত্তরাধিকার নির্বাচন করে উইল করেন। এরপর ড. ওয়াল্টার স্মিথ নামে এক ব্যক্তি নিজেকে এলেন হ্যারিং এর প্রতিনিধি পরিচয় দিয়ে ইয়ামিন খানের সঙ্গে যোগাযোগ করেন।

তিনি ইয়ামিনকে প্রাথমিকভাবে ২৫০০ আমেরিকান ডলার পাঠাতে বললে ইয়ামিন খান ১ লাখ ৯৫ হাজার টাকা আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপনের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন। এরপর স্মিথের প্রতিনিধি পরিচয় দিয়ে নাইজেরিয়ান নাগরিক অগাষ্টিন ম্যাথিউ ইয়ামিন খানের সঙ্গে সোনারগাঁ জাদঘুরের সামনে দেখা করে বলেন ব্রিফকেসে ৫ মিলিয়ন ইউএস ডলার রয়েছে।

তবে ওই ডলারগুলো কেমিক্যাল ওয়াশের মাধ্যমে পরিষ্কার করতে হবে। নমুনা স্বরূপ তিনটি কালো কাগজ ওই ক্যামিক্যাল দ্বারা পরিষ্কার করেন। এই কেমিক্যাল শুধু আমেরিকা ও ইংল্যান্ডের অ্যাম্বাসীতে পাওয়া যায়। ওই ক্যামিক্যালের দাম ৮৫ হাজার ডলার। অগাষ্টিন ম্যাথিউ ইয়ামিন খানকে ৮৫ হাজার ডলারের ব্যবস্থা করতে বলেন। কিন্তু ইয়ামিন খান অপারগতা প্রকাশ করলে ম্যাথিউ চলে যান। পরে ড. ওয়াল্টার স্মিথ ও ম্যাথিউ অগাষ্টিন বার বার ইয়ামিন খানকে কল করে টাকা জোগাড় হয়েছে কিনা জানতে চান। এতে ইয়ামিন খানের সন্দেহ হলে গত ১৩ আগস্ট তিনি র্যাব-১১ কে অবহিত করেন।

পরে র্যাবে পরামর্শে ইয়ামিন প্রতারক চক্রকে জানান, তিনি ৫ হাজার ডলারের ব্যবস্থা করছেন। ১৭ আগস্ট বিকেলে অগাষ্টিন ম্যাথিউ ব্রিফকেস সহকারে সোনারগাঁ জাদঘুরের সামনে আসলে র্যাব-১১ তাকে প্রচুর পরিমাণ ভুয়া ডলার তৈরির কাগজপত্র ও অন্যান্য সামগ্রীসহ গ্রেফতার করে। পরে র্যাবের জিজ্ঞাসাবাদে অগাস্টিন প্রতারক চক্রের বাকি সদস্যদের পরিচয় প্রকাশ করে। এরপর র্যাব অভিযান চালিয়ে আরো তিন বিদেশি নাগরিক ও এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকের এক নম্বরের ২৮১নং হাউসে বসবাসরত নাইজেরিয়ান নাগরিক ডেনিস ওকুদিরী ওরফে শেফ, অগাষ্টিন ম্যাথিউ, মারফনি ননসো ওজোমিয়া, ক্যামেরুনের নাগরিক ইফফা মিচিলিন ওরফে জারা, গোপালগঞ্জের কোটালিপাড়া পলোটানা এলাকার মৃত বিপুল বিশ্বাসের ছেলে বর্তমানে ঢাকার বড় মগবাজার ওয়্যারলেস গেইটস্থ ১৩৬ বীকন নুরজাহান টাওয়ারের আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপন।

পলাতক রয়েছে ওই চক্রের সক্রিয় সদস্য গ্রেফতারকৃত আব্রাহাম বিশ্বাস ওরফে স্বপনের চাচাতো ভাই গোপালগঞ্জের কোটালিপাড়ার পলোটানা এলাকার ফিটার বিশ্বাসের ছেলে পনুয়েল বিশ্বাস (২২) ও চাচাতো বোন কুসুম বিশ্বাস (৩২) ও বিদেশি নাগরিক ড. ওয়াল্টার স্মিথ। এসময় উদ্ধার করা হয়েছে একটি কালো রঙের ব্রিফকেসে রক্ষিত সাদা পাতলা পলিথিন দ্বারা মোড়ানো পাউডার মিশ্রিত ৩৬ বান্ডিল ডলার সাইজের কালো কাগজ (ভুয়া ডলার তৈরির কাগজপত্র), ঘিয়ে রঙের ০৪ (চার) টি হ্যান্ডগ্ল্যাভস, সাদা রঙের তুলা দ্বারা নির্মিত চ্যাপ্টাকার একটি আবরণ (ভূয়া ডলার তৈরীর সামগ্রী)।

শাহাদাত হোসেন/এআরএ/এবিএস