সাবেক এমপি কায়কোবাদের বাড়ি ঘেরাওতে পুলিশের বাধা
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের মুরাদনগর উপজেলা সদরের বাসভবন ঘেরাও কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। রোববার দুপুরে জেলার মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে।
জানা যায়, ২১ আগস্টের গ্রেনেড হামলার প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী দত্ত ও যুবলীগের সভাপতি খাইরুল আলম সাধনের নেতৃত্বে উপজেলা সদরে বিক্ষোভ মিছিলসহ মুরাদনগর বাস টার্মিনালে সংক্ষিপ্ত এক সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের বাড়ির অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করে।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে দলীয় নেতাকর্মীদের বাধা দেয়া হয়। এতে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা হয়।
এ বিষয়ে বিকেলে মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে সাবেক এমপি কায়কোবাদের বাড়ি ঘেরাওয়ের চেষ্টাকালে আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে তাদের বাধা দেয়া হয়।
কামাল উদ্দিন/এফএ/এবিএস