ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হঠাৎ বিস্ফোরণে গুরুতর আহত কুবি ছাত্রী

প্রকাশিত: ০৬:২৫ এএম, ২৩ আগস্ট ২০১৬

হঠাৎ এক বিস্ফোরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি নবম ব্যাচের ছাত্রী ফাহমিদা হাসান নিশা মারাত্মক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণটি গ্যাস লাইনের ক্রটি থেকে নাকি বোমা তা এখনো নিশ্চিত করতে পারিনি পুলিশ।

কুবি সূত্রে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশে সালমানপুর এলাকায় হেভেন ছাত্রী নিবাসের পঞ্চম তলা ভবনের নিচ তলায় কুবি ছাত্রী নিশা থাকতেন। মঙ্গলবার ভোর সোয়া ৬টার দিকে হঠাৎ বিকট বিস্ফোরণে ওই এলাকা কেপে ওঠে। এতে ওই ছাত্রীর পুরো শরীর ঝলসে যায়। তাকে উদ্ধার করে কুমেক হাসপাতালে নেয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় সকাল পৌনে ৮টার দিকে ঢামেকের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়।

কুবির প্রক্টর আইনুল হক জানান, ওই বিস্ফোরণটি গ্যাস লাইন থেকে নাকি অন্য কোনো কারণে ঘটেছে তা আইন প্রয়োগকারী সংস্থা খতিয়ে দেখছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মির্জা তাইয়েবুল ইসলাম জানান, ওই ছাত্রীর শ্বাসনালীসহ শরীরের ৬৫ শতাংশ পুড়ে গেছে, তার বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ।

অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন  জানান, ঘটনার পরই ঘটনাস্থলে র্যাব, পুলিশ, ডিবির টিম  ছুটে যায়। তারা এখনো সেখানে অবস্থান করছে। কী কারণে ওই বিস্ফোরণ তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

কামাল উদ্দিন/এফএ/এমএস