ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে তিতাসের এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৩ আগস্ট ২০১৬

গাজীপুরে অভিযান চালিয়ে তিতাস গ্যাসের প্রায় চার কিলোমিটার গ্যাসলাইন অপসারণ ও এক হাজার অবৈধ আবাসিক সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিনব্যাপী তিতাস গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়মা আক্তার এ অভিযান পরিচালনা করেন।

তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী জানান, সকাল সাড়ে ১০টা থেকে থেকে বিকেল ৬টা পর্যন্ত গাজীপুর সদরের ছোট দেওরা, ভোড়া ও জামতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ছোট দেওরা এলাকায় অবৈধভাবে স্থাপিত এক ইঞ্চি ব্যাসের প্রায় দুই কিলোমিটার এবং পৌনে এক ইঞ্চি ব্যাসের প্রায় দেড় কিলোমিটার গ্যাসলাইনের প্রায় ৫০০ আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পরে ভোড়া ও জামতলা এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে স্থাপিত দুই ইঞ্চি ব্যাসের আধা কিলোমিটার গ্যাসলাইনের প্রায় ৫০০ আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

Gazipur

অভিযানের খবর পেয়ে অবৈধ গ্যাস ব্যবহারকারীরা পালিয়ে যায়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ জব্দ করা হয়।

ছাব্বের আহমেদ চৌধুরী আরো জানান, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দিকে ঠেলে দিয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি গাজীপুর জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানকালে গাজীপুর তিতাস গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী এস এম আব্দুল ওয়াদুদ, ব্যবস্থাপক প্রকৌশলী ছাব্বের আহমেদ চৌধুরী, ব্যবস্থাপক প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী মো. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপক প্রকৌশলী শাবিউল আওয়াল, প্রকৌশলী মো. আখেরুজ্জামান, সহকারী প্রকৌশলী মো. আবু আইয়ুব প্রমুখ উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এএম/আরআইপি