ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোলে পুলিশকে মারধর : ছাত্রলীগ নেতা আটক

প্রকাশিত: ১০:১৯ এএম, ২৪ আগস্ট ২০১৬

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল আসাদুজ্জামান আসাদকে মারধরের ঘটনায় তৌহিদুর (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে বেনাপোল পোর্ট থানার সামনে থেকে তাকে আটক করা হয়। আটক ছাত্রলীগ নেতা বেনাপোল পৌরসভার গাজীপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা শওকত হোসেনের ছেলে এবং পৌরসভার সাত নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে কনস্টেবল আসাদুজ্জামান ব্যক্তিগত কাজে ব্যাটারিচালিত ইজিবাইকে চড়ে ইমিগ্রেশন থেকে বেনাপোল বাজারের দিকে যাচ্ছিলেন।

এ সময় পোর্ট থানার সামনে যানজটে গাড়ির পাশ কাটানো নিয়ে ইজিবাইক চালকের সঙ্গে ছাত্রলীগ নেতা তৌহিদুরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ছাত্রলীগ নেতা ইজিবাইক চালককে মারধর করেন। এতে বাধা দিলে কনস্টেবল আসাদুজ্জামানের সঙ্গেও বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তৌহিদুর।

এ সময় থানার পাশে বসে থাকা তৌহিদুরের বড় ভাই শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মফিজুর দৌঁড়ে এসে দু’জন মিলে কনস্টেবল আসাদুজ্জামানকে পিটিয়ে আহত করেন। খবর পেয়ে থানা থেকে পুলিশ সদস্যরা ছুটে এলে মফিজুর দৌড়ে পালালেও তৌহিদুরকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আহত পুলিশ কনস্টেবলকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পোর্ট থানায় মামলা হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি