না.গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের বাধা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের যৌথ উদ্যোগ আয়োজিত বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
বুধবার বিকেলে শহরের বঙ্গবন্ধু সড়কে দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল বের হলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এ সময় পুলিশ ব্যানার ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে নেতাকর্মীরা বাধা দেন। ফলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির হয়। পরে যুবদলের নেতাকর্মীরা পুলিশ ব্যারিকেডের মধ্যেই বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, সরকারের একের পর এক ব্যর্থতা ঢাকতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে। মনে রাখা দরকার, এটাই শেষ সরকার না আর এ মামলাই শেষ মামলা নয়। বর্তমান সরকার ক্ষমতায় থাকার লোভে ভারতের সঙ্গে একের পর এক স্বার্থবিরোধী চুক্তি করছে। যখন খালেদা জিয়া দেশের স্বার্থ রক্ষায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রতিবাদে মাঠে নামার ঘোষণা দিয়েছেন, তখনই তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে সরকার।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মো. মোশারফ হোসেন, জেলা যুবদলের সেক্রেটারি শাহ আলম মুকুল, ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন প্রমুখ।
এ ছাড়া বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, সোনারগাঁ থানা যুবদলের সভাপতি জাকির হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক নুরে ইয়াছিন নোবেল, আড়াইহাজার থানা যুবদলের আহ্বায়ক জুয়েল আহম্মেদ সভায় বক্তব্য রাখেন।
মো. শাহাদাত হোসেন/এএম/এবিএস