ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ : আহত ১০

প্রকাশিত: ০৯:০০ এএম, ২৫ জানুয়ারি ২০১৫

ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং রেলস্টেশনের সামনে ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়ে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

রােববার দুপুর সোয়া ২টার দিকে এই ঘটনা ঘটে। এসময় দ্রুত ট্রেন থেকে নামতে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন জাগোনিউজকে জানান, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি পাঘাচং রেলস্টেশনের সামনে আসা মাত্রই ট্রেনটির ৭টি বগি বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ট্রনের ১০ জন যাত্রী আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশসহ রেলওয়ের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। তবে এটি শুধুই দুর্ঘটনা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।

আখাউড়া লোকোসেড ইনচার্জ মহসিন ভূঁইয়া জাগোনিউজকে জানান, ঘটনার খবর পেয়ে আখাউড়া রেল জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে কতক্ষণ নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা নিশ্চত করে বলতে পারেননি তিন।

আজিজুল আলম সঞ্চয়/ এমএএস