চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু
কক্সবাজার শহরে টমটমের চাকায় ওড়না পেঁচিয়ে রুবী আকতার (২৯) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ২টার দিকে পৌরসভার সার্কিট হাউস সড়কের ম্যাজিস্ট্রেট কলোনির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবী আকতার শহরের এন্ডারসন রোডের মৃত জামাল হোসেনের স্ত্রী ও দুই সন্তানের মা।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে পরিবারের সদস্যরা কলাতলীর রুবীর ননদের বাসায় বেড়াতে যাচ্ছিলেন। এ সময় রুবীর ওড়না টমটমের চাকায় জড়িয়ে যায়। ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে অজ্ঞান হয়ে যান রুবী।
তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই রুবীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, অসাবধানতায় টমটমে গলায় ওড়না পেঁচিয়ে এ পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অন্তত ১২ নারীর মৃত্যু হয়েছে।
সায়ীদ আলমগীর/এএম/এবিএস