ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

উখিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

প্রকাশিত: ০১:০৭ পিএম, ২৯ আগস্ট ২০১৬

কক্সবাজার-টেকনাফ সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন।

সোমবার বিকাল ৫টার দিকে হাজিম্মার রাস্তার মাথায় মিনি হিউম্যান হলার চাপায় ও বেলা ২টার দিকে উখিয়া নিউ ফরেস্ট অফিস এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে এসব দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সড়ক পারাপারের সময় উখিয়ামুখি একটি মিনি হিউম্যান হলার মুহাম্মদ ইয়াছিন (১০) নামের এক শিশুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ইয়াছিন স্থানীয় হাজিম্মার রাস্তার মাথা এলাকার আবদু শুক্কুরের ছেলে।

অপরদিকে বেলা ২টার দিকে উখিয়া নিউ ফরেস্ট অফিস এলাকায় টেকনাফ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে টেকনাফমুখি ট্রাকের সংঘর্ষ হয়। এতে কলেজ শিক্ষকসহ ২০ জন আহত হয়। গুরুতর আহতাবস্থায় কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে উখিয়া কলেজের হিসাব বিজ্ঞানের প্রভাষক অলক দাশ (৪৫), সমাজ বিজ্ঞানের প্রভাষক কামরুন নাহার কাজল (৪৮), রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান মুহাম্মদ আলী (৫২), ইসলাম শিক্ষার প্রভাষক নুরুল হক (৩৮), রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক ফরিদুল আলম (৩২) রয়েছেন। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো জব্দ করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এএম/এবিএস