ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

এবার ছবির ফ্রেমে ইয়াবা : আটক ২

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ২৯ আগস্ট ২০১৬

কক্সবাজারের টেকনাফে এবার ছবির ফ্রেমে পাচারকালে প্রায় ৩৩ লাখ টাকা মূল্যের ১০ হাজার ৯৩০ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় ইয়াবার মালিক হিসেবে মো. বাবুল (৩৮) নামে এক যুবককে আটক করা হয়। তিনি টেকনাফ হোয়াইক্যং কাটাখালী এলাকার মো. আবুল হোসনের ছেলে।  

টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, দমদমিয়া বিওপি চৌকির হাবিলদার আব্দুল গফুরের নেতৃত্বে জওয়ানরা গোপন সংবাদে চেকপোস্ট টেকনাফ থেকে হ্নীলাগামী যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশি করে। এসময় এক ব্যক্তির আচরণ সন্দেহ হলে তার ব্যাগের মধ্যে রাখা ছবি বাঁধানো ফ্রেমে ফিটিং অবস্থায় ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। পরে তা খুলে ১০ হাজার ৯৩০ পিস ইয়াবা পায় অভিযানকারীরা।

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩২ লাখ ৭৯ হাজার টাকা বলে জানায়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ টাকা পাওয়া যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তিকে থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়।

অপরদিকে দেড় লাখ টাকা মূল্যের ৫০০ পিস ইয়াবাসহ ইউসুফ (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। তিনি খুলনা জেলার ফুলতলী এলাকার জিমরার ছেলে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, সকালে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ মুন্সীর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদে হোয়াইক্যং উনচিপ্রাং বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।

ইয়াবাসহ আটক যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সায়ীদ আলমগীর/এআরএ/এবিএস