ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রবাসীর লুণ্ঠিত মালামালসহ সাত ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০১:৫৭ পিএম, ৩১ আগস্ট ২০১৬

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ডাকাতি হওয়া এক দুবাই প্রবাসীর মালামাল রূপগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সাত ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানা পুলিশ অভিযান চালিয়ে রূপগঞ্জের ছনপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন,  মামুন, মানিক, মেহেদী হাসান, নাজমুল হোসেন, আল আমিন, শায়ন, সাগর হোসেন। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

জানা যায়, গত শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শহীদুল্লাহ নামের এক দুবাই প্রবাসী প্রাইভেটকার যোগে নিজ বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে ওঁৎপেতে থাকা ৭-৮ জনের একদল ডাকাত ওই প্রাইভেটকারের গতিরোধ করে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর সঙ্গে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল, পাসপোর্ট-ভিসা, বিমানটিকেটসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এদিকে সোমবার রাত ১১টার দিকে মো. আবুল কালাম নামের এক সৌদি প্রবাসী প্রাইভেটকার যোগে নিজ বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম যাওয়ার পথে একই স্থানে ডাকাতের কবলে পড়েন। পরে ওই রাতেই পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া মালামালসহ জাকির হোসেন ও মোহাম্মদ আলী নামের দুই ডাকাত সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া দুই ডাকাত সদস্যের স্বীকারোক্তি অনুযায়ী বুধবার রূপগঞ্জের ছনপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় দুবাই প্রবাসী শহীদুল্লাহ কাছ থেকে ছিনতাই করা মালামালের আংশিক উদ্ধার করা হয়।

দুবাই প্রবাসী শহীদুল্লাহ জানান, লুণ্ঠিত সব মালামালের চেয়ে ভিসা লাগানো পাসপোর্ট ও রিটার্ন টিকেট তার কাছে অনেক মূল্যবান। এসব উদ্ধার করতে না পারলে তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন।

এ ব্যাপারে সোনারগাঁ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সাত ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

শাহাদত হোসেন/এএম/এবিএস