ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লা হিসাবরক্ষণ কার্যালয়ের অডিটর গ্রেফতার

প্রকাশিত: ১১:২৩ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৬

কুমিল্লায় পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হিসাব থেকে প্রতারণার মাধ্যমে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের আবদুল বারেক নামে এক অডিটরকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
সোমবার বেলা ১১টার দিকে দুদকের কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি তদন্ত দল তাকে গ্রেফতার করে।
 
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে চাকরিরত অবস্থায় হিসাবরক্ষণ কার্যালয় ও সোনালী ব্যাংকের কয়েকজন অসাধু কর্মকর্তা গোপন যোগসাজশে সরকারি পেনশনভোগীদের হিসাব থেকে ১৬ কোটি ছয় লাখ দুই হাজার ৯৬২ টাকা আত্মসাৎ করে।

এ ব্যাপারে ২০১৫ সালের ১২ অক্টোবর দুদক-কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ২২ জনকে আসামি করে মামলা করেন। এ মামলায় অভিযুক্ত আসামি বর্তমানে কুমিল্লা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর আবদুল বারেককে সোমবার তার কার্যালয় থেকে গ্রেফতার করা হয়।
 
দুদক-কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতার আবদুল বারেককে জিজ্ঞাসাবাদের পর দুপুরে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. কামাল উদ্দিন/এএম/এবিএস