যশোরে ইউপি চেয়ারম্যানের মরদেহ উত্তোলন
যশোরে চৌগাছার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের মরদেহের কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার দুপুরে যশোর শহরের ঘোপ কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়।
মরদেহের দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর নিহত কাশেম চেয়ারম্যানের মরদেহ চৌগাছার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সোমবার দুপুরে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলমের উপস্থিতিতে নিহত কাশেম চেয়ারম্যানের মরদেহ উত্তোলন করা হয়। এসময় চৌগাছা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান এসএম হাবিব, ফুলসারা ইউপি চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী, নিহতের বড় ছেলে শাহীন রেজা উপস্থিত ছিলেন। মরদেহ উত্তোলনের পর তা যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়।
এসময় ম্যাজিস্ট্রেট মাসুদ উল আলম সাংবাদিকদের জানান, নিহত কাশেমের মরদেহের দ্বিতীয় দফা ময়নাতদন্ত করা হবে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে গত ৩১ আগস্ট যশোর শহর থেকে নিখোঁজ হন ইউপি চেয়ারম্যান আবুল কাশেম (৫০)। এরপর ১ সেপ্টেম্বর শহরের ষষ্ঠীতলা পাড়া এলাকা থেকে অজ্ঞাত পরিচয় হিসেবে তার মরদেহ পুলিশ উদ্ধার করে। সে সময় পরিচয় সনাক্ত না হওয়ায় অজ্ঞাত হিসেবে আঞ্জুমানে মফিদুল তার মরদেহ দাফন করে।
৩ সেপ্টেম্বর সন্ধ্যায় পরিবারের সদস্যরা মরদেহের ছবি ও পোশাক দেখে তার পরিচয় শনাক্ত করেন। এরপর তাদের আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে মরদেহ উত্তোলন করা হয়।
নিহত আবুল কাশেম চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানায়, চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম গত ৩১ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে তার ঘনিষ্ঠ আলী আহম্মদের ছেলে আশিককে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে যশোরের উদ্দেশ্যে যান। পথিমধ্যে শহরের ধর্মতলা এলাকায় তার সহযোগী চেয়ারম্যানকে রেখে বাড়িতে চলে আসেন। এ দিন থেকে তিনি পরিবারের ও এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ করেননি।
কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, বৃহস্পতিবার যশোর শহরের ষষ্ঠীতলাপাড়া এলাকা থেকে মধ্যবয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা শনাক্ত করেন অজ্ঞাত মরদেহটি আবুল কাশেমের। এরপর পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে সোমবার ঘোপ কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করা হয়। দ্বিতীয় দফা ময়নাতদন্ত শেষে তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
মিলন রহমান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সন্ত্রাসীদের কেন্দ্র দখল করতে এলে প্রতিহত করতে হবে: ডা. তাহের
- ২ চাঁদাবাজদের কবল থেকে মুক্ত পেতে হাতপাখায় ভোট দিন মুফতি: ফয়জুল করীম
- ৩ নারায়ণগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর গাড়ি ভাঙচুরের অভিযোগ
- ৪ জামায়াতকে ভোট দিয়ে ঈমান-আকিদা নষ্ট করবেন না: বিএনপি নেতা দুলু
- ৫ গাজীপুরের পাঁচ আসনে জয়ের বিকল্প ভাবছে না বিএনপি-জামায়াত