কলেজছাত্রীকে যৌন হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে এক কলেজ শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে আব্দুল হামিদ (২৬) নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ কারাদণ্ডাদেশ দেন।
কাঞ্চন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, উপজেলার দাউদপুর ইউনিয়নের বইলদা এলাকার বাবুল মোল্লার ছেলে আব্দুল হামিদ স্থানীয় পূর্বাচল আদর্শ কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে উত্যক্তসহ বিভিন্ন কু-প্রস্তাব দিয়ে আসছিল।
এ ঘটনায় ওই ছাত্রী কলেজ কর্তৃপক্ষকে জানালে তারা থানা পুলিশকে বিষয়টি জানায়। বৃহস্পতিবার দুপুরে ওই যুবক ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা ইসলাম জানান, কলেজছাত্রীকে উত্যক্তের দায়ে বখাটে আব্দুল হামিদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
মো. শাহাদাত হোসেন/এএম/পিআর