ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ত্বকী মঞ্চের কর্মসূচিতে হামলা

প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচিতে সন্ত্রাসীদের হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতি জোটের প্রদীপ প্রজ্জ্বলন শেষে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।  

তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত অভিযোগপত্র দাখিলের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মাসিক কর্মসূচির অংশ হিসাবে শহরের চাষাড়া শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা এই হত্যাকাণ্ডে অভিযুক্ত নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের দ্রুত গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে আজমেরি ওসমানসহ অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের দাবিও জানান। এ সময় একদল সন্ত্রাসী কর্মসূচিতে হামলা চালান বলে অভিযোগ করেন তারা।

সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল বলেন, ত্বকী হত্যার বিচার দাবিতে আমাদের সাংস্কৃতিক জোটের মাসিক কর্মসূচির অংশ হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ মিনারে শিখা প্রজ্জ্বলন করা হয়। এ সময় ১০ থেকে ১২ জন যুবক কর্মসূচিতে হামলা করে। এছাড়া জোটের এক নারীসহ সকল নেতাকর্মীদের ধাক্কা দিয়ে শহীদ মিনার থেকে বের করে দেয় তারা।

শিখা প্রজ্জ্বলনের আগে জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, এ হত্যার মধ্য দিয়ে তারা বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এক দেশে দুইনীতি করে ফেলেছে। সরকার দলের হলে কোনো অপরাধীকে গ্রেফতার করা হয় না। কিন্তু সরকারি দলের বাইরে হলে তাদের দ্রুত গ্রেফতার করা হয়।
 
জেলা সাংস্কৃতিক জোটের আয়োজিত শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ খেলাঘর আসরের সভাপতি রথিন চক্রবর্তী, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, দৈনিক খবরের পাতার সম্পাদক মাহবুবুর রহমান মাসুম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের জেলার সমন্বয়ক নিখিল দাস প্রমুখ।
 
মো. শাহাদাত হোসেন/এএম/পিআর