নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
প্রতীকী ছবি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাসের ধাক্কায় লেগুনাযাত্রী সখিনা বেগম (২৩) নিহত ও তার স্বামী সাহাবুদ্দিন (৩৫) আহত হয়েছেন।
রোববার দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ এলাকার সুন্দরবন পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত-নিহতরা সোনারগাঁ থানার নূনেরটেক এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষর্দীরা জানায়, কাঁচপুর থেকে একটি লেগুনা সোনারগাঁয়ে যাওয়ার পথে লাঙ্গলবন্দ সুন্দরবন পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এতে লেগুনাযাত্রী সখিনা মাখায় আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত ও তার স্বামী সাহাবুদ্দিন গুরুতর আহত হয়।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরীফুল আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
শাহাদাত হোসেন/এএম/আরআইপি