ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

পেট্রাপোল পরিদর্শনে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৬

ভারতের সঙ্গে পণ্য আমদানি-রফতানি ও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত কার্যক্রম দেখতে ভারতের পেট্রোপোল ও যশোরের বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

শুক্রবার দুপুরের দিকে ভারতের পেট্রাপোল হয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) নিতাই চন্দ্র সেন।

পরিদর্শনকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াতকারী বাংলাদেশিদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেন হাইকমিশনার। পরে তিনি ইমিগ্রেশন ও কাস্টমসের বিভিন্ন অফিস ঘুরে দেখেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমান, ভারত-বাংলাদেশ ল্যান্ডপোর্ট চেম্বার কর্মাসের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।

পরিদর্শনকালে ভারতগামী এক বাংলাদেশি যাত্রী হাইকমিশনারকে জানান, তিনি সকাল ৬টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চেকপোস্ট নোম্যানস ল্যান্ডে দাঁড়িয়ে আছেন। এখনও ভারতে ঢুকতে পারেননি। ভারতের পেট্রোপোল ইমিগ্রেশন কমকর্তারা ধীরগতিতে পাসপোর্টের কাজ করায় তিনিসহ হাজার হাজার যাত্রী এ ভোগান্তি পোহাচ্ছেন।

পরে হাইকমিশনার বেনাপোল কাস্টমস হাউজ অডিটরিয়ামে আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত বন্দরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি