ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

খাদ্যের ব্যাপারে সবাইকে বিজ্ঞানমনস্ক হতে হবে

প্রকাশিত: ১২:১৯ পিএম, ১৮ সেপ্টেম্বর ২০১৬

খাদ্যের ব্যাপারে সবাইকে উদার ও বিজ্ঞানমনস্ক হতে হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আজ বাংলাদেশ বিশ্বে সবজি উৎপাদনে ৩য় স্থান অধিকার করেছে। কৃষি বিজ্ঞানীদের নতুন নতুন আবিষ্কারের ফলে এ সাফল্য এসেছে। কৃষিতে ভালো ফলাফলের কারণেই প্রধানমন্ত্রী ‘সেরেস’ পদক পেয়েছেন।

রোববার দুপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেন্দ্রীয় গবেষণা পর্যালোচনা ও কর্মসূচি প্রণয়ন কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

কৃষিই অর্থনীতির মূলভিত্তি উল্লেখ করে কৃষিমন্ত্রী দেশীয় জাতসমূহের ফলন বাড়ানোর জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ভূট্টার উৎপাদন বৃদ্ধির জন্য অধিক গুরুত্বারোপ করেন তিনি।

বিএআরআই এর কাজী বদরুদ্দোজা মিলনায়তনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন ।

অনুষ্ঠানে বিএআরআইয়ের গবেষণা কার্যক্রম ও সাফল্যের উপর সংক্ষিপ্ত উপস্থাপনা করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলাম মন্ডল। এতে স্বাগত বক্তব্য রাখেন বিএআরআইয়ের পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ জালাল উদ্দীন, বিএআরআইয়ের পরিচালক (সেবা ও সরবরাহ) ড. বীরেশ কুমার গোস্বামী।

কর্মশালায় সরকারি-বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রায় ৫০০ জন বিশেষজ্ঞ বিজ্ঞানী উপস্থিত ছিলেন।

গত অর্থ বছর যেসব গবেষণা কর্মসূচি হাতে নেয়া হয়েছিল সেগুলোর মূল্যায়ন এবং এসব অভিজ্ঞতার আলোকে আগামী বছরের গবেষণা কর্মসূচি প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত ২০০ টিরও বেশি ফসলের ৪৭১টি উচ্চ ফলনশীল (হাইব্রিডসহ), রোগ প্রতিরোধক্ষম ও বিভিন্ন প্রতিকূল পরিবেশ প্রতিরোধী জাত এবং ৪৫২টি অন্যান্য প্রযুক্তিসহ এ পর্যন্ত ৯০০টিরও বেশি প্রযুক্তি উদ্ভাবন করেছে। এসব প্রযুক্তি উদ্ভাবনের ফলে দেশে গম, তেলবীজ, ডালশস্য, আলু, সবজি, মসলা এবং ফলের উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এ প্রযুক্তির উপযোগিতা যাচাই-বাছাই ও দেশের বর্তমান চাহিদা অনুযায়ী প্রযুক্তি উদ্ভাবনের কর্মসূিচ গ্রহণ করাই এই কর্মশালার প্রধান উদ্দেশ্য।

মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস