ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বাজেয়াপ্ত হচ্ছে খোকার গাজীপুরের জমি

প্রকাশিত: ০১:২৭ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬

ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার গাজীপুরের কালিয়াকৈরের জমি বাজেয়াপ্তের কাজ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

কালিয়াকৈরের জানেরচালা, বাঁশতলী, কালিয়াদহ, তালতলী, বাগাম্বর, কাচারস মৌজায় খোকার যৌথ মালিকানায় প্রায় ৮৩ একর (২৪৯ বিঘা) জমি রয়েছে বলে উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, খোকা ২০০৩ সালে কালিয়াকৈরের শ্রীফলতলী ভূমি অফিসের আওতাধীন জানেরচালা মৌজায় ৪২ শতক, সফিপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বাঁশতলী, তালতলী, কালিয়াদহ, কাচারস, বাগাম্বর মৌজায় বুড়িগঙ্গা ইন্ডাস্ট্রিজের নামে ৭৪ এক জমি রয়েছে। যার এমডি ইসমতারা বেগম।

অপরদিকে, সাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন উত্তর বক্তারপুর এলাকায় তার প্রায় সাত একর জমি রয়েছে।

কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) মো. সিরাজুল ইসলাম বলেন, বিএনপি নেতা সাদেক হোসেন খোকার নামে কালিয়াকৈরের কয়েকটি মৌজায় বেশ কিছু জমি রয়েছে। তবে আদালতের রায়ের কোনো আদেশ এখনো তার কাছে আসেনি বিধায় কোন কোন মৌজায় কোন দাগে ওই সব জমি রয়েছে, তা বলা যাচ্ছে না।

গাজীপুরের জেলা প্রশাসক এমএম আলম বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কালিয়াকৈরের বিভিন্ন মৌজায় থাকা সাদেক হোসেন খোকার জমি বাজেয়াপ্তের কাজ প্রক্রিয়াধীন।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর