স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
গাজীপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মো. ফারুক হোসেন (৫১) টঙ্গীর হাজীর বস্তির জীবন ড্রাইভারের ছেলে।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, টঙ্গীর ভরান তমিজশাহের মাজার এলাকার আবু ইউসুফ দেওয়ানের মেয়ে রত্নার (৩০) বিয়ে হয়। তাদের সংসারে দুইটি মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে। স্বামীর ফারুক প্রায়ই নেশা করতো।
২০১০ সালের ২ আগস্ট ভোর রাতে ফারুক মারপিট এবং শ্বাসরোধে রত্নাকে হত্যা করে। সকালে খবর পেয়ে নিহতের বাবা আবু ইউসুফ মেয়ের মরদেহ দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
প্রথমে এ ব্যাপারে টঙ্গী থানায় অপমৃত্যু মামলা এবং পরে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর স্বামী ফারুককে আসামি করে নিহতের বাবা আবু ইউসুফ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা টঙ্গী থানার এসআই আবুল বাসার তদন্ত শেষে ফারুকের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে সোমবার দুপুরে আদালত আসামির বিরুদ্ধে এই রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন গাজীপুর আদালতের পিপি অ্যাড. মো. হারিছ উদ্দিন আহমদ এবং আসামিপক্ষে ছিলেন অ্যাড. ওয়াহিদুজ্জামান আকন্দ।
আমিনুল ইসলাম/এআরএ/পিআর