পুলিশের কাছ থেকে ছিনতাইকারী ছিনতাই
যশোরের বাঘারপাড়া উপজেলায় অস্ত্রসহ আটক তিন ছিনতাইকারীর একজনকে ফিল্মি স্টাইলে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশ ১২ রাউন্ড গুলি করেও কোনো ফল পায়নি। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
বাঘারপাড়া থানা সূত্রে জানা গেছে, আটক তিন ছিনতাইকারী বাঘারপাড়া হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে আজাদুর রহমান খানের অবস্থার অবনতি হলে হাসপাতালের চিকিৎসারা তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। এ কারণে বিকেল ৫টার দিকে আজাদুরকে একটি ইজিবাইকে নিয়ে যশোরের উদেশ্য রওনা হয় বাঘারপাড়া থানার পাঁচ পুলিশ সদস্য।
পুলিশ সদস্যরা হলেন, এসআই পান্নু ফকির, এসআই (ভিটাবল্লা ফাঁড়ির আইসি) সোহাগ, কনস্টেবল সাহিদুল ইসলাম, আতিয়ার রহমান ও জিয়াউল হক। পথিমধ্যে যশোর-নড়াইল সড়কের আয়াপুর নামক স্থানে পুলিশ বক্সের নিকট পৌঁছলে দুইটি সাদা মাইক্রো ইজিবাইকের দুইদিক থেকে চেপে ধরে। এসময় ইজিবাইকটি উল্টে যায়। এরপর দুর্বৃত্তরা দুইটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে মুহূর্তের মধ্যে আজাদুরকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যশোরের দিকে বেরিয়ে যায়। পুলিশ এসময় ১২ রাউন্ড গুলি ছোঁড়ে।
বাঘারপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছইরুদ্দীন আহম্মদ জানান, সব থানা ও ফাঁড়িতে আজাদুরের ছবিসহ বার্তা পাঠানো হয়েছে। আশা করি দ্রুত ধরা সম্ভব হবে।
আজাদুরের প্রকৃত নাম আজাদুর রহমান টোকন। তার বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডুর মকিমপুর গ্রামে। তিনি এ গ্রামের আব্বাস মোন্ডলের ছেলে। আজাদুর ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০০৬ সালের ২৪ মার্চ যশোর র্যাব-৬ তাকে অস্ত্রসহ আটক করে। এ মামলায় তার ১০ বছর সাজা হয়। এরপর থেকে আজাদুর পলাতক রয়েছেন। আহত পাঁচ পুলিশ সদস্য বাঘারপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উল্লেখ্য, রোববার তিন ছিনতাইকারীকে গণপিটুনি দেয়া হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি মোটরসাইকেল, ছিনতাই করা টাকা ও একটি রিভলবার।
ছিনতাইকারীরা হলো, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে খলিলুর রহমান (২৭), একই গ্রামের মৃত পান্নু খানের ছেলে আজাদুর রহমান খান (৩২) এবং শৈলকুপা উপজেলার ভাটই বড় কুলচারা গ্রামের বিশারত আলীর ছেলে নূর আলম (২৫)।
মিলন রহমান/এআরএ/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বতন্ত্র প্রার্থীকে গুলি-গাড়ি ভাঙচুর, পাল্টাপাল্টি অভিযোগ
- ২ যারা জনগণকে ভোটবঞ্চিত করতে চান তাদের অবস্থান হবে দিল্লি: আসিফ মাহমুদ
- ৩ যারা স্বাধীনতায় বিশ্বাসী নয়, দেশের মানুষ তাদের সমর্থন করতে পারে না
- ৪ মুচলেকা দিয়ে যারা পালিয়ে ছিলেন তারা এখন চটকদার প্রতিশ্রুতি দিচ্ছেন
- ৫ জামায়াতকে সমর্থন করে সরে গেলেন গণঅধিকারের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা