গাজীপুরে শ্রমিক অসন্তোষ
গাজীপুর সিটি করপোরেশনের সরাবো এলাকায় এটিএন ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও প্রতিকী অনশন পালন করেছে। বৃহস্পতিবার সকাল থেকে বকেয়া বেতন পরিশোধের দাবিতে তারা অনশন শুরু করেন।
পুলিশ ও শ্রমিকরা জানায়, গত দুই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে বারবার শ্রমিদের আশ্বাস দিলেও তা পরিশোধ না করায় বৃহস্পতিবার সকাল থেকে শ্রমিকরা কারখানার ভেতর কর্মবিরতি ও প্রতিকী অনশন করে। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হলে দুপুরে কারখানা কর্তৃপক্ষ একদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করেন। পরে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করে কারখানা ত্যাগ করে বাড়ি ফিরে যায়।
শ্রমিকরা আরো জানান, কারখানার অফিস স্টাফদেরও ৫ মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন চাইলে কারখানার কর্তৃপক্ষ বিভিন্ন হুমকি দিয়ে থাকে। গত কয়েকদিন ধরেই শ্রমিকরা কারখানার ভেতর শান্তিপূর্ণভাবে কর্মবিরতি পালন করে আসছে।
নাম না বলার শর্তে কারখানার একজন স্টাফ জানায়, পাঁচ মাস ধরে কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন দেয় না। দেই দিচ্ছি করে পাঁচ মাস হয়ে গেছে। এদিকে বাসা ভাড়া ও সংসার চালানো কষ্ট হয়ে গেছে। জমানো টাকা যা ছিল তা সবই শেষ। এছাড়া বাড়ি ভাড়া ও দোকান বাকির টাকার জন্য প্রতিদিনই তাগাদা শুনতে হচ্ছে।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, বকেয়া বেতন পরিশোধের দাবিতে সকাল থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তবে কোন ভাঙচুরের ঘটনা ঘটেনি।
তবে ওই কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা জাকির হোসেন বলেন শ্রমিকদের সাথে কারখানার কর্তৃপক্ষের বৈঠক হয়েছে। আগামী সোমবার তাদের বেতন পরিশোধ করে দেওয়া হবে। কারখানায় কাজ না থাকায় এক দিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এমএএস/আরআই