ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

জঙ্গি তিন ভাই-বোনের আত্মসমর্পণ

প্রকাশিত: ০৭:০৮ এএম, ০৩ অক্টোবর ২০১৬

স্বাভাবিক জীবনে ফেরার আশায় যশোরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের তিন সদস্য পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। নিজেদের ভুল বুঝতে পেরে বিবেকের তাড়নায় সোমবার দুপুরে তারা যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

তিনজনই যশোর পুলিশের তালিকাভুক্ত জঙ্গি। জঙ্গি হিসেবে গত বছর গ্রেফতার এই তিন ভাই-বোন জামিন নিয়ে পলাতক ছিল। আর যশোর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপথগামী কেউ আত্মসুদ্ধির সুযোগ চাইলে তার প্রতি তারা সুবিচার করবেন।

পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর ১১ জন পলাতক জঙ্গির তালিকা প্রকাশ করে যশোর পুলিশ। এর মধ্যে চার ভাই-বোনসহ ৬ জন একই পরিবারের সদস্য। এরা হলেন- শহরের পুরাতন কসবা কদমতলার আব্দুল আজিজের ছেলে তানজিব ওরফে আশরাফুল, তার ভাই তানজির আহমেদ, বোন মাছুমা আক্তার ও মাকসুদা খাতুন, মাকসুদার স্বামী শাকির আহম্মেদ ও মাসুমার স্বামী নাজমুল হাসান।

এদের মধ্যে তানজিব, তানজির ও মাছুমা বিভিন্ন সময়ে আটক হলেও আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। কিন্তু সম্প্রতি দেশে ঘটে যাওয়া জঙ্গি-নৃশংসতার পর নাড়া দেয় তাদের বিবেক। পরে সরকারের আহ্বানও বিশ্লেষণ করে নিজেদের ভুল বুঝতে পারছেন তারা। আর তাই এখন স্বাভাবিক জীবনে ফিরতে চান তারা।

আত্মসমর্পণকারী হিজবুত তাহরীরের সদস্য তানজিব আহম্মেদ আশরাফুল জানান, না বুঝেই জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িয়ে পড়েন তিনি। প্রথমে চায়ের দোকানের আড্ডায় ইসলাম ও নামাজের দাওয়াত দেয়। তখন তাকে সংগঠন সম্পর্কে কোনো ধারণা দেয়া হতো না। তার হাতে তুলে দেয় ইসলামের বইপত্র।

এগুলো পড়ে যখন তিনি আকৃষ্ট হয়ে পড়েন তারপর বলা হয় সে হিজবুত তাহরিরের সদস্য এবং খেলাফত প্রতিষ্ঠার জন্য তাকে জিহাদি পথে এগোতে হবে। তাকে সাবাব সদস্য প্রদানের পর বিভিন্ন সময়ে ঢাকা থেকে মোসাব্বির, সাকিন, সাকিবরা এসে তাদের ক্লাশ নিতো।

জঙ্গি আত্মসমর্পণ প্রসঙ্গে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, যেহেতু স্বেচ্ছায় চরমপন্থী সংগঠন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছে তাই তাদের সুযোগ দেয়া হবে। বিষয়টি মানবিকভাবে দেখা হবে। একই সঙ্গে তাদের প্রাপ্য সকল আইনী সহযোগিতাও করা হবে।

প্রসঙ্গত, এর আগে স্বাভাবিক জীবনে ফিরে আসার মানসে গত ১১ আগস্ট ও ২১ আগস্ট হিজবুত তাহরিরের চার নেতা যশোর পুলিশের কাছে আত্মসমর্পণ করে।

মিলন রহমান/এসএস/এমএস