ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

না.গঞ্জে তিন অপহৃত উদ্ধার : আটক ১

প্রকাশিত: ১২:২৯ পিএম, ০৪ অক্টোবর ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ করে মুক্তিপণ দাবি করার ৬ ঘণ্টার মাথায় অপহৃত তিনজনকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ের (র‌্যাব-১১) সদস্যরা। এ সময় এক অপহরণকারীকে আটক ও মুক্তিপণের ২২ হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে ফতুল্লার গাবতলী এলাকা থেকে অপহৃত তিনজনকে উদ্ধার ও এক অপহরণকারীকে আটক করা হয়।

উদ্ধার ব্যক্তিরা হলেন, ঢাকার ধোলাইপাড় এলাকার বাসিন্দা মো. ফরিদ (৩৮), মো. শরিফ (৩২) ও মা. হাফিজুর রহমান (৪১)। আটক অপহরণকারী চক্রের সদস্য মাসদাইর গাবতলী লতিফ সরদারের বাড়ির ভাড়াটিয়া মো. নজরূল ইসলাম ওরফে মগা (৩৫)।

র‌্যাব জানায়, সোমবার ঢাকা ধোলাইপাড় এলাকার ফিরোজ হোসেন নামের এক ব্যক্তি অভিযোগ করেন তিনিসহ চারজন ফতুল্লার মাসদাইর গাবতলীর আমানা গার্মেন্টেসের সামনে তেল বিক্রি করছিলেন।

এ সময় এক ব্যক্তি তেল কেনে টাকার জন্য তাদের গ্যারেজে ডেকে আনেন। তাদেরকে শিকল দিয়ে হাত পা বেঁধে গ্যারেজে ফেলে রাখেন। পরে অপহৃত ব্যক্তিদের স্বজনদের কাছে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।

অপহৃত ব্যক্তিদের স্বজনরা এ বিষয়ে র‌্যাব-১১ এর কাছে অভিযোগ করেন।

সোমবার রাতেই র‌্যাব অভিযান চালিয়ে অপহ্নত তিনজনকে উদ্ধার করে এবং অপহরণকারী চক্রের সদস্য নজরূল ইসলাম ওরফে মগাকে আটক করে। এ সময় অন্য অপহরণকারীরা পালিয়ে যায়। পরে অপহরণকারী চক্রের সদস্য মগাকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব-১১।

মো. শাহাদাত হোসেন/এএম/আরআইপি