ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

গাজীপুরে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: ০৩:২২ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

গাজীপুরে অভিযান চালিয়ে শতাধিক বাড়ির প্রায় দেড় হাজার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে চারজনকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবী এ জরিমানা করেন। গাজীপুর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জেনারেল ম্যানেজার আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অবৈধ গ্রাস লাইন বিচ্ছিন্নকরণ অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিটি কর্পোরেশনের লক্ষীপুরা এবং চান্দনা চৌরাস্তা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় শতাধিক আবাসিক বাসার প্রায় দেড় হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেই সঙ্গে গ্যাস রাইজার, পাইপ এবং গ্যাসের চুলা জব্দ করা হয়। অভিযানকালে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার দায়ে লক্ষীপুরা এলাকার লুৎফুর রহমানকে ১০ হাজার টাকা, একই এলাকার দিলীপ কুমার দত্তকে ১০ হাজার টাকা এবং ড. নিত্য রঞ্জন শর্মাকে ১০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয় ।

রওশন সড়ক এলাকায় অবৈধভাবে স্থাপিত ২ ইঞ্চি ব্যাসের প্রায় ২ কিলোমিটার গ্যাস পাইপ লাইনের সংযোগস্থলসহ প্রায় ১ কিলোমিটার পাইপ অপসারণ করা হয়। এতে প্রায় ১৫০টি বাড়ির প্রায় ১ হাজার অবৈধ চুলায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন হয়।

দুপুরে সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় শালবন ফুড অ্যান্ড রেস্টুরেন্টে অপর একটি অভিযান পরিচালনা করে হোটেলের অবৈধ লাইন বিচ্ছিন্ন এবং চুলা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা শাহরীন মাধবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল ম্যানেজার মো. আকরামকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জেনারেল ম্যানেজার এস এম আব্দুল ওয়াদুদ, ম্যানেজার প্রকৌশলী সাব্বের আহমেদ, ডেপুটি ম্যানেজার প্রকৌশলী খোরশেদ আলম ও প্রকৌশলী সাবিউল আউয়াল, সহকারী প্রকৌশলী মির্জা মামুনুর রশিদ ও আইয়ুব আলী  উপস্থিত ছিলেন।

মো. আমিনুল ইসলাম/এএম/এবিএস