গাজীপুরে ৭ জঙ্গি নিহতের ঘটনায় মামলা
গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়াগাঁও পাতারটেক এলাকায় নব্য জেএমবির ঢাকা বিভাগের অপারেশন কামান্ডার ফরিদুল ইসলাম ওরফে আকাশ ওরফে প্রভাতসহ সাত জঙ্গি নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা বাদী হয়ে শনিবার রাতে সন্ত্রাস দমন আইনে মামলাটি দায়ের করেন।
এদিকে, রোববার বিকেলে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিহতদের ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে। নিহত ৯ জঙ্গির মধ্যে ছয়জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, শনিবার সুরতহাল করেই আমরা ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছি। সাতজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। সন্ত্রাস দমন আইনে মামলাটি রুজু হয়েছে।
আলামত হিসেবে জব্দ করেছি ২২ বোরের রাইফেলের প্রায় ১০০ রাউন্ডের মত গুলির খোসা, পিস্তলের গুলি ১০৫ রাউন্ড, একটি রিভলবারসহ তিনটি অস্ত্র পাওয়া গেছে। ব্যবহৃত তিনটি মোবাইল এবং কাগজপত্রগুলো তারা পুড়ে ফেলেছে।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রফিকুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের চিকিৎসকদের একটি দল ৯টি মরদেহের ময়নাতদন্ত কাজ সম্পন্ন করেন। অপর চিকিৎসকগণ হলেন ডা. আবুল কালাম আজাদ ও ডা. শেখ কামরুল করিম।
অন্যদিকে, রোববার বিকেল পর্যন্ত নিহত ৯ জঙ্গির খোঁজ নিতে হাসপাতাল এলাকায় কেউ আসেনি বলে জানা গেছে।
উল্লেখ্য, গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল পশ্চিমপাড়া এলাকায় র্যাবের অভিযানে দুই জঙ্গি নিহতের ঘটনায় দুপুর পর্যন্ত মামলা হয়নি।
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি