দুঃস্থদের জীবন পাল্টে দিতে পারে পল্লী সঞ্চয় ব্যাংক
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন বলেছেন, বর্তমান সরকারের উদারপন্থী পদক্ষেপ গ্রামের হতদরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে স্বাবলম্বী করে একটি স্ব-নির্ভর পরিবার হিসেবে গড়ে তোলা। এ লক্ষ্যে ২০০৯ সালে গঠিত একটি বাড়ি একটি খামার প্রকল্পের মেয়াদকাল শেষ হওয়ার প্রেক্ষিতে ওই প্রকল্পের ধরণ পাল্টিয়েছে সরকার। তদস্থলে চালু হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংক। আর এ ব্যাংক পাল্টে দিতে পারে দুঃস্থদের জীবন।
রোববার দুপুরে উখিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে আধুনালুপ্ত একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রায় ২১’শ সদস্য আমানতদার হিসেবে গণ্য হবেন। এসব সদস্যরা পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে নিজেদের আরো স্বাবলম্বী করে একটি উন্নত পরিবার হিসেবে গড়ে উঠার সুযোগ পাবেন।
চলতি বছরের ১ আগস্ট থেকে উখিয়া পল্লী সঞ্চয় ব্যাংকের কার্যক্রম শুরু হয়। এর আগে প্রায় সাড়ে আট লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদ চত্বর এলাকায় উক্ত পল্লী সঞ্চয়ী ব্যাংকের অবকাঠামো গত উন্নয়নের কাজ সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে মতবিননিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ছেনুয়ারা বেগম, কুতুপালং ক্যাম্প ইনচার্জ আরমান শাকিল, পল্লী সঞ্চয়ী ব্যাংক কর্মকর্তা আবদুল করিম প্রমুখ।
সায়ীদ আলমগীর/এআরএ/আরআইপি