ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

প্রকাশিত: ০৭:২৪ এএম, ১১ অক্টোবর ২০১৬

কুমিল্লায় ছুরিকাঘাতে ফয়েজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয় আরো তিনজন। সোমবার রাতে জেলার দেবিদ্বার উপজেলার ছোটনা গ্রামে এ ঘটনা ঘটে।

ফয়েজ দেবিদ্বার উপজেলার মোহনপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়রা জানান, হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব চলাকালে ছোটনা গ্রামের একটি পূজামণ্ডপের পাশে ফয়েজের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে ফয়েজকে ছুরিকাঘাত করে ওই যুবকরা।

তাকে বাঁচাতে এসে মেহেদী, গনি মিয়া ও রাসেল নামে আরো তিনজন আহত হয়। স্থানীয়রা মারাত্মক আহত ফয়েজকে উদ্ধার করে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায। পরে অবস্থার অবনতি হলে কুমেক হাসপাতালে ভর্তি করে। কিন্তু অবস্থার আরো অবনতি হওয়ায় ঢামেক হাসপাতালে নেয়ার পথে গভীর রাতে তার মৃত্যু হয়।

দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের সঙ্গে পূজার কোনো সংশ্লিষ্টতা নেই। তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডার কারণে ছুরিকাঘাতে ফয়েজের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে কুমেক হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক যুবককে আটক করা হয়েছে।

কামাল উদ্দিন/এসএস/এবিএস