ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

সন্ত্রাসীর গুলিতে ইউপি সদস্য নিহত

প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৩ অক্টোবর ২০১৬

যশোরের ঝিকরগাছায় সন্ত্রাসীদের গুলিতে রাহাতজান আলী (৪০) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গদখালি বাজারে এ ঘটনা ঘটে।

নিহত রাহাতজান আলী (৪০) উপজেলার গদখালি ইউনিয়নের চার নাম্বার ওয়ার্ডের সদস্য ও গদখালি মটবাড়ি এলাকার আব্দুল জলিল সরদারের ছেলে।

ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, বৃহস্পতিবার সকালে ইউপি সদস্য রাহাতজান আলী গদখালি বাজারে অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাহাতজানের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত রাহাতজানের ভাই মিজানুর রহমান জানান, গত রমজান মাসের ২৮ রোজার রাতে তাদের আরেক ভাই হাসান সরদারও নিজ বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছিলেন। ওই হত্যা মামলা তার ভাই রাহাতজান দেখভাল করতেন। ওই মামলার আসামিরাই রাহাতজানকে হত্যা করতে পারে বলে ধারণা করছেন তিনি।

যশোর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আব্দুল মান্নান জানান, গুলি রাহাতজানের ডান হাত ভেদ করে বুকে লেগেছে। এতে তার মৃত্যু হয়েছে।


মিলন রহমান/এফএ/আরআইপি